
দুবাই : ফের তৃতীয়বার এশিয়ান ক্রিকেট সংস্থার শীর্ষপদে বসলেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। অর্থাৎ এশিয়া ক্রিকেটের ভার আবার ভারতের হাতেই। বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সভাপতি পদে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি দেন।
২০২১ সালে প্রথমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন জয় শাহ। তখনও বিসিসিআই সচিব ছিলেন জয় শাহ। সেসময় বিসিসিআই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এশিয়ান ক্রিকেটের শীর্ষপদে বসার কথা ছিল। সৌরভের অসুস্থতার জন্য জয় শাহকে এশীয় ক্রিকেট সংস্থার শীর্ষপদে বসানো হয়। এরপর ২০২২ সালে তাঁর মেয়াদ বাড়ানো হয়। এবার আরও একবছরের জন্য জয় শাহর কাজের মেয়াদ বাড়ল।
