
দুবাই, ২ ডিসেম্বর : বছর শেষে সুপার সানডে-তে ২২ গজে আবার ভারত-পাকিস্তান। টিম ইন্ডিয়ার রাইজিং স্টাররা খেলবেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। তার ফলে বছরের শেষে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ দেখা যাবে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হচ্ছে ৮ ডিসেম্বর। দুবাই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ঠিক হয়েছে ১৭ ডিসেম্বর। যুব এশিয়া কাপে ৮-১৭ ডিসেম্বর প্রতিদিনই জোড়া ম্যাচ রয়েছে। ভারতীয় দলকে এই ইভেন্টে নেতৃত্ব দেবেন উদয় সাহারান।
টুর্নামেন্টে ১০ ডিসেম্বরের ম্যাচের দিকে দুই দেশের ক্রিকেট প্রেমীদের লক্ষ্য। কারণ ওই দিন রবিবার রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। মোট ৮টি দল খেলবে টুর্নামেন্টে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। আর গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি ও জাপান।
