
কলকাতা, ২৮ সেপ্টেম্বর : দীর্ঘ ১২ বছর পর আবার বিশ্বকাপ ফিরছে উপমহাদেশে। আর সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এরআগেও একদিনের ক্রিকেটের আয়োজক ছিল ভারত, তবে যৌথভাবে। ৩৬ বছরে এই প্রথমবার একক ভাবে বিশ্বকাপ করবে বিসিসিআই।
১৯৮৭ সালে প্রথমবার উপমহাদেশে বসেছিল বিশ্বকাপের আসর। তৎকালীন বিসিসিআই কর্তা জগমোহন ডালমিয়ার উদ্যোগে যৌথভাবে ভারত-পাকিস্তানে হয়েছিল বিশ্বকাপ। আবার ১৯৯৬ সালেও বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার নেতৃত্বেই এই উপমহাদেশেই হয়েছিল বিশ্বকাপ। সেবার ভারতের সঙ্গে ছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আবার ২০১১ সালেও ভারত-শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আয়োজক ছিল ক্রিকেট বিশ্বকাপের।
এবার প্রথমবার ৩৬ বছরের ব্যবধানে হতে চলেছে একক ভাবে বিশ্বকাপ ভারতের মাটিতে। এর জন্য কৃতিত্ব অবশ্যই পাবেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিই আইসিসির দরবার থেকে লড়াই করে ছিনিয়ে এনেছিলেন এই বিশ্বকাপ।
