
আহমেদাবাদ, ৩১ মার্চ : আর কয়েক ঘন্টা বাদেই চলতি বছরের আইপিএল শুরু হতে চলেছে। আহমেদাবাদের মোতেরায় (বর্তমান নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ান গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। হার্দিক পাণ্ডিয়াদের কাছে যেমন জয়ের প্রাক্তন চ্যাম্পিয়ান দলের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করার হাতছানি রয়েছে, তেমনই ধোনিদের কাছে সুযোগ এসেছে জোড়া হারের বদলা নেওয়ার। দুই তারকা খচিত দলের লড়াই ধুন্ধুমার হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আইপিএলের ১৬তম সংস্করণে বেশ কিছু নয়া নিয়ম চালু করা হয়েছে। এতদিন টসে যাওযার আগেই দু’দলের প্রথম একাদশের তালিকা জমা দিতে হত। এবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটানো হয়েছে। টসে জেতার পরে পিচের চরিত্র বুঝে প্রথম একাদশ সাজানোর সুযোগ থাকছে দুই দলের অধিনায়কের কাছে। ফলে শেষ মুহুর্তে দলে খেলোয়াড় বদলের সম্ভাবনা থাকছে। তাছাড়া এবার অংশগ্রহণকারী ১০টি দলকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। এতদিন অংশগ্রহণকারী দলগুলি একই গ্রুপে খেলত।
প্রসঙ্গত, গত বছর আইপিএলের গ্রুপ লিগে দুই ম্যাচেই মহেন্দ্র সিং ধোনির দলকে হারিয়ে জয়ী হয়েছিল। তাই আজকের ম্যাচে জয়ের ব্যবধান বাড়িয়ে ৩-০ করার হাতছানি রয়েছে গুজরাট টাইটান্সের কাছে।
