
ম্যানচেস্টার, ২৫ মে : স্বপ্নের মতো শুরু, কিন্তু শেষটা হলো হতাশায় মোড়া। রবিবার রাতে অ্যাস্টন ভিলার গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে পেপ গুয়ার্দিওলার দল শেষ পর্যন্ত ২-১ গোলের হারের তেতো স্মৃতি নিয়েই মরসুম শেষ করল। ম্যাচের মাঝপথে আবেগঘন বিদায় নেন বের্নার্দো সিলভা ও জন স্টোনস। গার্ড অব অনার আর দর্শকদের করতালিতে মাঠ ছাড়ার সময় সিলভার চোখে জল দেখা যায়। ডাগআউটে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী কোচ গুয়ার্দিওলাও। ৩৮ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে লিগে রানার্সআপ হিসেবেই মরসুম শেষ করল সিটি। একই সঙ্গে শেষ হলো গুয়ার্দিওলার এক গৌরবময় অধ্যায়।
