
কলকাতা, ২৯ জুন : প্রয়াত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন ফুটবলার। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫৪ সালে মিলন সমিতিতে সই করেন তিনি। পরের বছর যান ভবানীপুর ক্লাবে। সেখান থেকে জর্জ টেলিগ্রাফ। জর্জের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে নজর কাড়েন চন্দন। ছোট থেকেই ইস্টবেঙ্গলে খেলার স্বপ্ন দেখতেন চন্দন। তাঁর সেই স্বপ্ন পূরণ হয় ১৯৬৩ সালে। সে বারই প্রথম লাল-হলুদে যোগ দেন তিনি। ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক করা হয় চন্দনকে। সে বার লিগ জেতে ইস্টবেঙ্গল। মোহনবাগান তার আগে টানা চার বার লিগ জিতেছিল। সবুজ-মেরুনের টানা পাঁচ বার লিগ জয়ের স্বপ্ন শেষ করে দেয় চন্দনের অধিনায়কত্বে ইস্টবেঙ্গল। চন্দনের মৃত্যুর পরে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তাঁর পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।
