
কলকাতা, ১৭ এপ্রিল: জামশেদপুর এফসির কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় নিয়েছে এটিকে-মোহনবাগান। আর কলকাতার আর এক প্রধান ইষ্টবেঙ্গল টিকে আছে অঙ্কের হিসাবে। হিসাবটা এরকম- এক) ন্যূনতম ৪-০ গোলে ইস্টবেঙ্গলকে জিততে হবে আইজ়লের বিরুদ্ধে। দুই) ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসি দ্বৈরথ ড্র হতে হবে। এখন দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে ওড়িশা। সমসংখ্যক ম্যাচ খেলে হায়দরাবাদের সংগ্রহেও চার পয়েন্ট। গোল পার্থক্য পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তৃতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের দুই পয়েন্ট।
আইজ়লের বিরুদ্ধে জিতলে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট হবে মশালবাহিনীর। ওড়িশা বনাম হায়দরাবাদ ম্যাচ ড্র হলে তাদেরও অর্জিত পয়েন্ট হবে পাঁচ। তখন দেখা হবে গোল পার্থক্য। এই কারণেই শেষ ম্যাচে অন্তত ৪-০ গোলে জিততে হবে ক্লেটনদের। তা হলেই গ্রুপের সেরা হয়ে শেষ চারে উঠবে ইস্টবেঙ্গল। আজ মঞ্জেরিতে বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ বিকেল পাঁচটায়। ওড়িশা ও হায়দরাবাদ মুখোমুখি হবে রাত সাড়ে আটটায়।
