
কলকাতা, ২৭ জুন : বস্টনে শুক্রবার রাতে ‘আই’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে নরওয়ের বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স। প্রথম দুই ম্যাচে চার গোল করা কিলিয়ান এমবাপে গোল না পেলেও, দেম্বেলের প্রথম দুটি গোলে অ্যাসিস্ট ছিল তার। ফ্রান্সের চতুর্থ গোলটি করেন দিজিরে দুয়ে। প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দুই দলের। এই ম্যাচ ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। ফ্রান্স তিন ম্যাচের সবকটিই জিতেছে শীর্ষস্থান পেল। আর আসরে প্রথম হার নরওয়ের। তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে। এদিন গ্রুপের আরেক ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সেনেগাল। এই ম্যাচ জিতে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা। আর তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরাক। এদিনের ম্যাচে ডাগ আউটে ছিলেন না কোচ দিদিয়ের দেশম। মায়ের শেষকৃত্যে যোগ দিতে দেশে গিয়েছিলেন তিনি। তার জায়গায় ফ্রান্সের ডাগআউটে দায়িত্ব পালন করেন সহকারী কোচ গি স্টিফোঁ।
দুই দলই শেষ ৩২ নিশ্চিত হওযায় হাইভোল্টেজ এই ম্যাচে শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন আনেন। ফ্রান্সের সহকারী কোচ একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন। মাঝমাঠ ও আক্রমণভাগে গতি বাড়াতে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়েকে শুরুর একাদশে ফেরান তিনি। অন্যদিকে, নকআউট পর্বের কথা মাথায় রেখে দলে আরও বড় ধরনের পরিবর্তন আনেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। তিনি একাদশে একসঙ্গে ১০টি পরিবর্তন এনে দলের দুই প্রাণভ্রমরা আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে বিশ্রামে রাখেন। শেষ বত্রিশে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে নরওয়ে। ফ্রান্সের প্রতিপক্ষ এখনো জানা যায়নি।
