
চেন্নাই, ২৭ অক্টোবর : চলতি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতকাল বেঙ্গালুরুতে শ্রীলঙ্কা চূর্ণ করেছে জস বাটলারের দলকে।গতকাল তারা জিতেছে ১৪৬ বল হাতে রেখে ৮ উইকেটে। গতবারের চ্যাম্পিয়নদের এইরকম ছন্নছাড়া খেলা মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। গতবারের চ্যাম্পিয়নদের শেষ চারে ওঠা এখনো টিকে রয়েছে শুধু অঙ্কের জটিল সমীকরণে।
শ্রীলঙ্কা বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় আপাতত পঞ্চম স্থানে। শ্রীলঙ্কার ৫ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.২০৫। শ্রীলঙ্কা প্রথম তিনটি ম্যাচে হারার পর নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে পরাস্ত করল। শ্রীলংকার খেলা বাকি আছে আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
সেমিফাইনালে ওঠার জন্য ম্যাজিক ফিগার ১০ পয়েন্ট হলে ইংল্যান্ডকে বাকি সব ম্যাচে জিততে হবে। নেট রান রেট উন্নত করতে হবে, সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলগুলির উপরেও। ফলে ইংল্যান্ডের সম্ভাবনা খুবই ক্ষীণ। ইংল্যান্ডের ম্যাচ বাকি ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে। নেদারল্যান্ডস বাদে বাকি দলগুলো খুবই শক্তিশালী। তাই বলা হচ্ছে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ।
