
লুজান, ৯ ডিসেম্বর: আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের অংশ নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তবে রয়েছে শর্ত। এইসব অ্যাথলেটরা দলীয় ইভেন্টের বাইরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে ইউক্রেনে চলমান যুদ্ধে তাঁরা সমর্থন দিতে পারবেন না।
আইওসি জানিয়েছে, রাশিয়ার ৮ জন এবং বেলারুশের ৩জন অ্যাথলেট এখন পর্যন্ত নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সে তুলনায় ইউক্রেনের অ্যাথলেটদের সংখ্যা বেশি। ইউক্রেন থেকে এ পর্যন্ত ৬০ জনের বেশি অ্যাথলেট প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের কোনো অফিশিয়াল অনুষ্ঠান কিংবা ভেন্যুতে রাশিয়া ও বেলারুশের পরিচয়যুক্ত জাতীয় সংগীত, প্রতীক ও পতাকা প্রদর্শন করা হবে না। আর ‘রাশিয়া এবং বেলারুশ সরকারের কোনো অফিশিয়ালকেও ২০২৪ প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ জানানো হবে না।’
