
দুবাই : একদিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি বুধবার প্রকাশ করল ‘অ্যাডিডাস’। জার্সির পাশাপাশি ভারতীয় দলের জন্য একটি গানও প্রকাশ করেছে অ্যাডিডাস। সেই গানটি গেয়েছেন র্যাপার রফতার।
এই জার্সি এখনকার জার্সির মতোই। তবে এই জার্সিতে সামান্য দুটি বদল হয়েছে। ভারতীয় দল এখন যে জার্সি পরে তাতে তিনটি তারা আছে। ১৯৮৩ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের জন্য দুটি তারা এবং আরেকটি তারা ২০০৭ টি-২০ বিশ্বকাপের। কিন্তু এবারে নতুন জার্সিতে থাকবে দুটি তারা। দুবার এক দিনের বিশ্বকাপ জেতার দু’টি তারা রাখা হয়েছে এই জার্সিতে।
এছাড়া আরেকটি বদল করা হয়েছে জার্সিতে। এখনকার জার্সিতে যেখানে কাঁধের কাছে সাদা রঙের তিনটি লম্বা দাগ রয়েছে সেখানে ভারতের জাতীয় পতাকার আদলে গেরুয়া, সাদা ও সবুজ রং করা হয়েছে। অর্থাৎ জাতীয়তাবাদের ছোঁয়া রাখা হচ্ছে রোহিতদের জার্সিতে।
অ্যাডিডাসের এই জার্সি প্রকাশের সঙ্গে সঙ্গে একটি থিম সংও প্রকাশ করা হয়েছে। গানটির নাম ‘৩ কা স্বপ্না’। গানটি ভিডিওতে গেয়েছেন জনপ্রিয় র্যাপার রাফতার। ভিডিও-তে দেখা যাচ্ছে রোহিত, বিরাট, হার্দিক, জাদেজা-সহ ভারতীয় দলের তারকারা অভিনয় করেছেন।
