
মুম্বই, ২ অক্টোবর : এসেই গেল ক্রিকেট বিশ্বকাপ। আর দুদিন বাদেই উদ্বোধন।দর্শকরা খেলার সঙ্গে উদ্বোধন দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। উদ্বোধন নাচ-গানে মাতাবেন বলিউডের একঝাঁক তারকা। বিশ্বকাপের আয়োজনকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী অনুষ্ঠানকে অনেক চমক দিতে চাইছে বিসিসিআই। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ১৩-তম ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠান হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় থাকবেন বেশ কয়েকজন বলিউড অভিনেতা–অভিনেত্রী ও গায়ক–গায়িকা। আর গানের মাধ্যমে দর্শকদের মাতাবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। অনুষ্ঠানে নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে। এই রণবীর অবশ্য বিশ্বকাপের অফিশিয়াল থিম সঙয়েও অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে নাচ গানের পাশাপাশি লেজার শো ও আতশবাজির মাধ্যমে তুলে ধরা হবে ভারতের ইতিহাস ও ঐতিহ্য। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দশটি দলের অধিনায়করা। এছাড়া আইসিসি ও বিসিসিআইয়ের কর্মকর্তারা।
উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। এই আমেদাবাদ স্টেডিয়ামেই পরের দিন থাকছে উদ্বোধনী ম্যাচ। সেই ম্যাচ মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। উদ্যোক্তাদের তরফ থেকে বলা হয়েছে, উদ্বোধনী ম্যাচের টিকিট দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন দর্শকরা।
