
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ৮০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম৷ দর্শকাসন ১ লক্ষ ১০ হাজার৷ কিন্তু আইপিএল ফাইনালের রাতে দেখা গেল, পরিকাঠামোর দিক দিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সের ধারেকাছেও আসে না এই স্টেডিয়াম।
রবিবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। সোমবারও চেন্নাই সুপার কিংস ব্যাটিং শুরু করার পরেই বৃষ্টি নামে৷ সেই বৃষ্টি বন্ধ হয় রাত সাড়ে দশটা নাগাদ৷ কিন্তু তখনই খেলা শুরু করা যায়নি৷ কারণ দেখা যায় মাঠের একটি পিচে জল জমে রয়েছে৷ খেলোয়াড়দের চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আসলে মাঠ ঢেকে ফেলার পর তার উপর আরেকটি আস্তরণ দেওয়া হয়, যেটি গোটা মাঠের তুলনায় বেশ ছোট৷ সেটি সরাতে গিয়েই পিচ ভিজে যায়। বার বার সুপার সপার দিয়ে মাঠ শুকোতে চেষ্টা করা হয়।
এখানেই উঠে আসছে ইডেনের প্রসঙ্গ। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হয়েছিল ইডেনে। বৃষ্টি শুরু হতেই গেটা মাঠ সাদা আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল৷ মাঠে জল পড়েইনি প্রায়। বৃষ্টি থামতেই শুরু হয়েছিল খেলা।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়তেও দেখা গিয়েছে৷ ভাইরাল হয়েছে সেই ভিডিও৷ স্টেডিয়ামে নেটওয়ার্ক না থাকা, পার্কিংয়ে কাদা এবং জল জমে থাকার অভিযোগও করেছেন দর্শকরা।
