
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘ককটেল ২’ মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। সেই উপলক্ষে জোরকদমে চলছে ছবির প্রচার। আর সেই প্রচারপর্বেই ভক্তদের উন্মাদনার মাঝে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন ছবির দুই অভিনেত্রী কৃতী শ্যানন ও রশ্মিকা মন্দানা। একটি প্রচারমূলক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহিদ কাপুর, কৃতী শ্যানন ও রশ্মিকা মন্দানা। প্রিয় তারকাদের কাছ থেকে এক ঝলক দেখার আশায় অনুষ্ঠানস্থলে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। তবে সেই উৎসাহ একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় চারদিক থেকে ভক্তরা ঘিরে ধরেন দুই অভিনেত্রীকে। কেউ সেলফি তুলতে চান, কেউ আবার কাছ থেকে কথা বলার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। এই সময়েই রশ্মিকা মন্দানার পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে দেখা যায় কৃতী শ্যাননকে। ভিড়ের মধ্যে সহ-অভিনেত্রীকে নিরাপদে রাখার চেষ্টা করেন তিনি এবং হাত ধরে আগলে নিয়ে যান গাড়ির দিকে। কৃতীর এই আচরণ নজর কেড়েছে নেটিজেনদের।

ভিডিও প্রকাশ্যে আসতেই একদিকে যেমন অনিয়ন্ত্রিত ভিড় ও নাগরিক সচেতনতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে কৃতীর দায়িত্বশীল আচরণের প্রশংসায় ভরেছে মন্তব্যের ঘর। অনেকেই মনে করছেন, তারকাদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত। উল্লেখ্য, আগামী ১৯ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ককটেল ২’। শাহিদ কাপুর, কৃতী শ্যানন ও রশ্মিকা মন্দানাকে নিয়ে নির্মিত এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
