
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বয়স ছুঁইছুঁই ৬০, তবুও ফিটনেস আর স্টাইল স্টেটমেন্টে আজও অনুরাগীদের হৃদয়ে রাজত্ব করছেন বলিউডের ভাইজান সলমন খান। তবে সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। আলো-আঁধারিতে তোলা একটি মনোক্রোম ছবিতে খালি গায়ে ধরা দিয়েছেন অভিনেতা। চোখ বন্ধ, দু’হাত মাথার উপরে— যেন গভীর কোনও চিন্তায় ডুবে রয়েছেন তিনি। আর সেই ছবির সঙ্গে ভাগ করে নেওয়া ক্যাপশনই ভাবাচ্ছে ভক্তদের। পোস্টে একা থাকা এবং একাকীত্বের পার্থক্য নিয়ে দার্শনিক ভাবনা তুলে ধরেছেন সলমন খান। ইঙ্গিতপূর্ণ পোস্টে বলিউডের ‘দাবাং’ লিখছেন, ‘জীবন কাটানোর দুটি উপায়। একটি হল ‘অ্যালোন’ অর্থাৎ স্বইচ্ছায় একা থাকা। অপরটি হল ‘লোনলি’ যার বাংলা তর্জমা করলে হয় একাকীত্ব, যার অর্থ কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এরপর নিজেকেই ঠিক করতে হবে তুমি কোন পথ অবলম্বন করে বাঁচবে।’ এই বার্তার পর থেকেই অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন, তবে কি সত্যিই নিঃসঙ্গতায় ভুগছেন ভাইজান?
যদিও অনেকে মনে করছেন, বিষয়টি নিছকই দার্শনিক উপলব্ধি কিংবা আসন্ন ছবির প্রস্তুতির অংশ। বর্তমানে নিজের আগামী ছবি ‘মাতৃভূমি’র জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনেও এনেছেন আমূল পরিবর্তন। জানা গিয়েছে, লাদাখের উচ্চতায় দীর্ঘ সময় শুটিং করার জন্য বিশেষ ট্রেনিং নিচ্ছেন তিনি। সূত্রের খবর, উচ্চ পার্বত্য এলাকায় ফিট থাকতে নিজের রুটিনে বদল এনেছেন ভাইজান। ৪৫ দিনের লাদাখ শিডিউলে তিনি ক্যালিসথেনিকস-ভিত্তিক শরীরচর্চা অনুসরণ করেছেন। কারণ দুর্গম এলাকায় পূর্ণাঙ্গ জিম সেটআপ নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই নিজেকে প্রস্তুত করছেন অভিনেতা।

এদিকে ভাইজানের পোস্টে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, ‘এত বছর পরেও পোস্ট করার স্টাইল একটুও বদলায়নি! আজও আগের মতোই আছেন!’ অপর এক অনুরাগীর মতে, ‘৬০ বছর বয়সেও অবিশ্বাস্য ফিটনেস দিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিচ্ছেন। মেগাস্টার সালমান খান সত্যিই আলাদা।’ নেটপাড়ার এক সদস্য সলমনের ফিটডনেসে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘ভারতের আসল ফিটনেস আইকন এখনও এক এবং অদ্বিতীয়— সলমন খান।’
