Entertainment

1 hour ago

Kavya Maran Wedding Buzz: কাব্য মারানের বিয়ে নিয়ে জোর জল্পনা, পাত্র কি সত্যিই অনিরুদ্ধ রবিচন্দ্রন?

Anirudh Ravichander and Kavya Maran
Anirudh Ravichander and Kavya Maran

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান-কে ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের গুঞ্জন। আর সম্ভাব্য পাত্র হিসেবে উঠে আসছে জনপ্রিয় তামিল সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন-এর নাম। আইপিএলের আবহের মধ্যেই এই জল্পনা এখন নেটদুনিয়ার অন্যতম আলোচনার বিষয়। সম্প্রতি একটি বিনোদনভিত্তিক ওয়েবসাইটে দাবি করা হয়, কাব্য ও অনিরুদ্ধর পরিবার নাকি তাঁদের সম্পর্ক মেনে নিয়েছে। এমনকী, স্পেনে তাঁদের বিয়ের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে বলে খবর ছড়ায়। চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের অনুষ্ঠান হতে পারে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি চেন্নাইয়ে আরও একটি অনুষ্ঠানের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দুই পরিবারের কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।


তবে এই প্রথম নয়, এর আগেও কাব্য ও অনিরুদ্ধর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখন অনিরুদ্ধ নিজেই একটি পোস্ট করে সমস্ত জল্পনা উড়িয়ে দেন। তিনি লিখেছিলেন, “শান্ত হও বন্ধুরা, গুজব ছড়ানো বন্ধ করো।” সেই পুরনো পোস্ট আবার নতুন করে ভাইরাল হয়েছে। অনেকের মতে, এবারও বিয়ের খবর নিছক গুজব ছাড়া কিছু নয়। যদিও তাতেও থামছে না আলোচনা।


উল্লেখ্য, আইপিএলের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে নিয়মিত উপস্থিত থেকে দলকে সমর্থন জানান কাব্য মারান। তাঁর অভিব্যক্তি, স্টাইল এবং দলের প্রতি আবেগের কারণে ইতিমধ্যেই তিনি ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে অনিরুদ্ধ রবিচন্দ্রন দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম সফল সুরকার।  ‘জেলার’, ‘লিও’ বা ‘কুলি’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে সুর দেওয়ার পাশাপাশি ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডেও বিশেষ পরিচিতি অর্জন করেছেন তিনি। সবমিলিয়ে, কাব্য মারান ও অনিরুদ্ধকে ঘিরে বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। তবে সত্যিই কি চার হাত এক হতে চলেছে, নাকি এও নিছক গুজব— সেটাই এখন দেখার।


You might also like!