
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনের কঠিন সময়কে পিছনে ফেলে ফের কাজে মন দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আসন্ন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র প্রচারে সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাণবন্ত মেজাজেই ধরা দিলেন তিনি। সাদা শাড়ি, মানানসই ব্লাউজ ও আকর্ষণীয় হেয়ারস্টাইলে অভিনেত্রী ছিলেন নজরকাড়া।
আগামী ১২ জুন মুক্তি পেতে চলেছে বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ ‘তারকাটা’। মুক্তির আগে সিরিজের প্রচারে ব্যস্ত গোটা টিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাকুশলীরা। তবে সকলের নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কাই। ব্যক্তিগত জীবনের গভীর শোক সঙ্গী হলেও, পেশাদারিত্বে কোনও খামতি রাখেননি অভিনেত্রী। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সহ-অভিনেতা মায়া চ্যাং-এর সঙ্গে আড্ডা ও হাসিঠাট্টায় মেতে উঠতে দেখা যায় তাঁকে। সিরিজের ট্রেলার দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

সিরিজের নামের সঙ্গে মিলিয়ে প্রশ্ন ওঠে, বাস্তব জীবনেও কি কখনও ‘তারকাটা’ হয়ে যান প্রিয়াঙ্কা? হাসিমুখে অভিনেত্রী জানান, “প্রচণ্ড গরমে মাঝেমধ্যেই হালকা করে তারটা কাটতে শুরু করে। যখন খুব খিদে পায় তখন তারটা কেটে যায়। আমার এখন একটু একা সময় কাটানো ভীষণ প্রয়োজন। সেটা যখন পারি না, অনেকদিন ঘুরতে যাওয়া না হলেও তারকাটা হয়ে যাই।” তবে সেই পরিস্থিতি সামাল দেওয়ার উপায়ও জানালেন অভিনেত্রী। তাঁর কথায়, “নিজের জন্য একটু সময় বের করে নিই। কী করলে নিজের মনটা একটু ভালো লাগবে সেটা আগে বোঝার চেষ্টা করি। তারপর সেই কাজটা করি। এভাবেই কাটা তারগুলো আবার জুড়ে যায়।” এদিন ছেলে সহজকে নিয়েও আবেগঘন কথা বলেন প্রিয়াঙ্কা। মজার ছলে জানান, “আমি ভাগ্যবান যে সহজ তারকাটা হয়েই জন্মেছে। তাই ও আমাকে অনুপ্রেরণা দেয়। আমরা এখন দুজনে মিলে চেষ্টা করি এই ক্রেজিনেসটা এনজয় করতে।”
অভিনেত্রী আরও যোগ করেন, “সত্যি বলতে আমি প্রতিদিন প্রার্থনা করি সহজ যেন আমার থেকেও বেশি তারকাটা হোক। শুধু আমি কেন, সকলের থেকে বেশি তারকাটা হোক যাতে নিজের মতো করে জীবনে চলতে পারে। পারিপার্শ্বিক কথা গায়ে না মেখে নিজের ইচ্ছেয় কাজ করার সাহসটুকু রাখতে পারে।” ‘তারকাটা’ মুক্তির আগে প্রিয়াঙ্কার এই অকপট স্বীকারোক্তি ও ইতিবাচক জীবনদর্শন ইতিমধ্যেই অনুরাগীদের মন জয় করেছে। তাঁর কথায় স্পষ্ট, জীবনের ঝড়ঝাপটা পেরিয়েও তিনি এখন নতুন উদ্যমে এগিয়ে চলার পথেই বিশ্বাসী।
