
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবারও প্রমাণিত হল, বড় মঞ্চে বড় খেলোয়াড়রাই পার্থক্য গড়ে দেন। ফাইনালের চাপের ম্যাচে বিরাট কোহলির অনবদ্য ৭৫ রানের ইনিংসের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফের আইপিএলের শিরোপা জয় করল। গুজরাট টাইটান্সকে পাঁচ উইকেটে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য ট্রফি নিজেদের দখলে নিল বেঙ্গালুরু শিবির। রবিবারের ছুটির সন্ধ্যায় ক্রিকেটপ্রেমীদের নজর ছিল টেলিভিশনের পর্দায়। উত্তেজনাপূর্ণ ফাইনালে আরসিবির জয়ের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। আর সেই জয়ের অন্যতম আকর্ষণ ছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার আবেগঘন উদযাপন।

ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করছিলেন অনুষ্কা। জয় নিশ্চিত হতেই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দেন গোটা স্টেডিয়াম। বিরাটের জয়সূচক রান আসার পর তাঁর উচ্ছ্বাস ছিল দেখার মতো। পরে ট্রফি হাতে উদযাপনের সময় বিরাটের কাঁধে হাত রেখে ট্রফি স্পর্শ করার সেই মুহূর্ত ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিন সাদা টপ ও ডেনিম জিন্সে সহজ-সরল সাজে মাঠে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী। তবে অনুরাগীদের নজর কেড়েছে তাঁর গলায় থাকা তুলসী কণ্ঠী। দীর্ঘদিন ধরেই আধ্যাত্মিক জীবনচর্চার প্রতি অনুষ্কার আগ্রহ নিয়ে আলোচনা রয়েছে বিভিন্ন মহলে। ম্যাচ শেষে দলের উদযাপনেও দেখা যায় বিরুষ্কাকে। সতীর্থ ক্রিকেটার ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এই তারকা দম্পতি। ট্রফি জয়ের আনন্দে নাচতেও দেখা যায় বিরাট ও অনুষ্কাকে। এদিন বিরাট কোহলির পরা বিশেষ টি-শার্টও আলোচনায় উঠে আসে। টি-শার্টে লেখা ছিল, “One Felt Nice, We Did Twice”। অর্থাৎ, ‘একবার ভালো লেগেছিল, তাই দু’বার করলাম।’ অনেকের মতে, আরসিবির দ্বিতীয় আইপিএল শিরোপা জয়কেই ইঙ্গিত করেছে এই বার্তা।
ঐতিহাসিক জয়ের পর অনুষ্কা শর্মাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের একটি ছবি শেয়ার করেন। সেখানে বিরাটের ওই বিশেষ টি-শার্টের ছবি পোস্ট করে একটি হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই পোস্টও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আরসিবির ট্রফি জয়ের রাত তাই শুধু ক্রিকেট সাফল্যের নয়, বিরাট-অনুষ্কার ভালোবাসা ও আবেগের উদযাপন হিসেবেও স্মরণীয় হয়ে থাকল সমর্থকদের কাছে।

