
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরে এক অনুষ্ঠানে মুসলিম শিশুকে আদর করে তুলে নিলেন কোলে। খাওয়ালেন নিজের হাতে।
ঘটনাটি ঘটেছে রবিবার। দু’দিনের সফরে নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। রাপ্তিনগরে শিশুদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে আসা শিশুদের মাঝে মিশে যেতে দেখা গেল তাঁকে। নিজের হাতে শিশুদের খাবার দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই সঙ্গে তাদের শারীরিক অবস্থা সম্বন্ধে খোঁজ নেন ।
রাপ্তিনগরের শিশুদের অনুষ্ঠানে এক মুসলিম মহিলা হাজির হয়েছিলেন তাঁর কোলের শিশুকে নিয়ে। তা দেখে মহিলার কাছে এগিয়ে আসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। শিশুটিকে আদর করে নিজের কোলে তুলে নিয়েছিলেন তিনি। আদর করার পাশাপাশি শিশুটিকে খাইয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই মানবিক মুখ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা। তাঁর দুই চোখে বেয়ে গড়িয়ে পড়ে আনন্দের অশ্রু।
উল্লেখ্য, চলতি বছরেই লোকসভা ভোট। এখন থেকে দলীয় নেতা-কর্মীদের জনসংযোগে নেমে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঁধে দিয়েছেন ৪০০ আসনের টার্গেট। সেই উপলক্ষ্যে নিজের নির্বাচনী কেন্দ্রে যোগীর সফর বলে মনে করা হচ্ছে। শিশুদের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক সভা করেছেন যোগী।
হিন্দু ভোট নিয়ে সমস্যা না থাকলেও, মুসলিমদের আস্থা এখনও অর্জন করতে পারেনি বিজেপি। উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে মুসলিম ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতির বিশেষজ্ঞদের একাংশ। আর সেদিকে লক্ষ্য রেখেই যোগীর এই মুসলিম প্রীতি বলেও কটাক্ষ করেছেন বিরোধীরা।
