
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজকাল তো রিলসের জামানা, হবে নাই বা কেন ডিজিটাল ইন্ডিয়া বলে কথা, কিন্তু এই ডিজিটালাইজেশন আর রিলস-ই অস্বস্থিতে ফেলল উত্তরপ্রদেশের উন্নাওয়ের পুলিশ আধিকারিক রমেশচন্দ্র সাহানি।সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, বিছানার উপর আধশোয়া হয়ে রয়েছেন ওই পুলিশ আধিকারিকের স্ত্রী। পাশে বসে পুত্র এবং কন্যা। আর তাদের তিন জনের মাঝে রাখা বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট। ওই বিশাল টাকার স্তূপে মোট ১৪ লক্ষ টাকা ছিল বলে পুলিশ সূত্রে খবর।
নোটের বান্ডিলগুলি নিয়ে রমেশের স্ত্রী-সন্তানদের ছবি ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন এক জন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক। যদিও আত্মপক্ষ সমর্থন করে রমেশ জানিয়েছেন, ছবিটি ২০২১ সালের ১৪ নভেম্বর তোলা হয়েছিল। একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে তিনি ওই টাকা পেয়েছিলেন বলেও দাবি করেছেন রমেশ।
এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের পুলিশ।
