
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রন পেলেও এই অনুষ্ঠানে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। এমন কী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের কোনও প্রতিনিধিও যোগ দেবেন না বলেই সূত্রের দাবি।
তৃণমূল সূত্রের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’। নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব ধর্মকে নিয়ে যে ভাবে রাজনীতি করছেন তা সমর্থনযোগ্য নয়। রাজনৈতিক শিবিরের বক্তব্য, ভোটের আগে রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সমস্ত রাজনৈতিক দলই রাজনীতির অঙ্ক কষছে, নিজেদের মতো করে। যেমন পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ব্যাঙ্ক তৃণমূলের রাজনৈতিক বাস্তবতার মধ্যে পড়ে। তাকে অগ্রাহ্য করা সম্ভব নয়। তা ছাড়া, বিরোধী রাজনীতির বিশ্বাসযোগ্যতা যাতে চিড় না খায়, তা দেখার দায়বদ্ধতাও রয়েছে তৃণমূল নেতৃত্বের।
পশ্চিমবঙ্গে বামেরা বারবার নিশানা করছেন মমতাকে, মোদীর সঙ্গে ‘সেটিং’ তত্ত্বের অভিযোগ তুলে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ‘দিদি-মোদী’ গোপন বোঝাপড়ার অভিযোগ কিছু কম করেননি। ফলে সনিয়া গান্ধী নিজে যদি অযোধ্যা না যান, বামেরাও বয়কট করেন, সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর পূজার্চনা দেখার ঘটনা ঘটলে, ভুল বার্তা যেতে পারে বলে তাঁর দল মনে করছে। তবে রাজনৈতিক সূত্রের খবর, হিন্দু ভোট ব্যাঙ্কের কথা ভেবে অযোধ্যার অনুষ্ঠানের বিরোধিতা করে সুর চড়াতেও চাইছেন না তৃণমূল নেত্রী।
২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো বিরোধী নেতাদেরও। আমন্ত্রণ জানানো হয়েছিল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও। তবে রাম মন্দিরের উদ্বোধনে তিনিও যাবেন না বলে জানিয়েছেন ইয়েচুরি। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনীতির ময়দানে।
রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র দুনিয়ার একঝাঁক তারকাকেও রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, চিরঞ্জীবী, অনুপম খের, অরুণ গোভিলরা। আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি মুকেশ অম্বানীকেও। তবে শাহরুখ খান, সলমন খান, আমির খানদের কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে।
