
নয়াদিল্লি, ১১ জুলাই: দিল্লিতে জল জমে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। তাঁর কথায়, দিল্লিতে জল জমে যাওয়া বার্ষিক আচারে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালেই দিল্লিতে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। এদিনই যমুনা বাজার এলাকার যান উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল জমে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা বলেছেন, "দিল্লিতে জল জমে যাওয়া বার্ষিক আচারে পরিণত হয়েছে। নর্দমা পরিষ্কার করা হয় না, ড্রেনের জল সঠিকভাবে শোধন করা হয় না। এসব কাজ বছরের পর বছর না হওয়ায় জলাবদ্ধতা দেখা দেয়। যমুনার নিষ্কাশন নিয়মিত করা উচিত। আমি এটি দেখার চেষ্টা করব যাতে এই সমস্ত কিছুর দিকে মনোযোগ দেওয়া হয়। যাতে মানুষজনকে সমস্যার মুখোমুখি না হতে হয়...প্রকৃতি আমাদের আগে থেকে জানায় না, আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।"
