
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জন্মেছিলেন মেয়ে হয়েই। তবে বয়সসন্ধিতে এসে প্রথমবার মনের কথা উপলব্ধি করেছিলেন তিনি। বদলে ফেলেছিলেন চালচলন।
তবে এতদিন 'পুরুষ' বেশেই দিন কাটছিল তাঁর। তবে জীবনের ৪৬টা বছর পেরিয়ে শেষপর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়েই নিলেন অলকা। ৪৭ বছরের জন্মদিনে অস্ত্রোপচার করে নারী থেকে পুরুষ হলেন। ওই দিন তাঁর পুনর্জন্ম হল। শুরু করলেন নতুন জীবন। আইনি মতে নিজের প্রেমিকার সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। সোমবার দীর্ঘদিনের প্রেমিকা আস্থার সঙ্গে সামাজিক রীতি মেনে গাঁটছড়াও বেঁধে জীবনের নতুন ইনিংস শুরু করবেন। অলকা নয়, নিজের নাম পরিবর্তন করে রাখলেন অস্তিত্ব।
এক অন্যরকম বিয়ের সাক্ষী থাকল ইন্দোর। আদালতে সেই বিয়েও সম্পন্ন হয়। খুব কম সংখ্যক অতিথিই সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইন্দোরে এমন রূপান্তরকামী বিয়ের ঘটনা এটাই প্রথম। অস্তিত্ব (অধুনা অলকা সোনি) মধ্য প্রদেশের ইন্দোরের বাসিন্দা। ছোট থেকে যখন বেড়ে উঠছেন তখনই বুঝতে পারেন মননে তাঁর পুরুষ সত্ত্বা বর্তমান। অথচ নারী শরীরের খাঁচায় বন্দি তিনি। অস্তিত্বটুকুই যেন কোথাও বিপন্ন হয়ে পড়েছিল তাঁর। তার সঙ্গে ছিল সামাজিক টানাপড়েন, ব্য়াঙ্গ-বিদ্রুপ, ঠাট্টা-তামাশা। তবে সবকিছুকে পিছনে সরিয়ে রেখে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই ফেলেন তিনি। ঠিক করেন শারীরিক ভাবে পুরুষ হয়ে উঠবেন এবার। নিজের ৪৭ তম জন্মদিনে সেই উপহারটুকু দিয়েছেন নিজেকে।
