
বেঙ্গালুরু, ২২ আগস্ট : প্রতীক্ষায় গোটা দেশ, চাঁদের মাটি স্পর্শ করার অপেক্ষায় ইসরোর চন্দ্রযান-৩। সেই দিকে চোখ রয়েছে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের। বুধবারই চাঁদের বুকে নামার কথা চন্দ্রযানের, চাঁদের দক্ষিণ মেরুতে ''সফট ল্যান্ডিং'' করার কথা। তবে যেখানে গোটা দেশ উন্মুখ হয়ে আছে চাঁদের মাটিতে ভারতের সাফল্য সফর দেখার জন্য, তখনই বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ সোশ্যাল মিডিয়ায় এই মিশন নিয়ে একটি ছবি পোস্ট করে বসেন। তার সেই পোস্টের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল।
অভিনেতা প্রকাশ রাজের নামে কর্ণাটকে মামলা দায়ের করা হয়েছে। কর্ণাটকের বাগালকোট জেলার বানাহাট্টি থানায় প্রকাশ রাজের নামে মামলা করেছে হিন্দু সংগঠন। পাশাপাশি তার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুনের ছবি শেয়ার করেন প্রকাশ রাজ। শার্ট পরা একটি মানুষ। অদ্ভূত কায়দায় চা ঢালছে এক মগ থেকে অন্য মগে। এই ছবিটি দিয়ে তিনি লিখেছিলেন, ''বিক্রম ল্যান্ডারের পাঠানো চাঁদের প্রথম ছবি।'' কিন্তু বর্ষীয়ান অভিনেতার এই মজা মোটেই ভালভাবে নেয়নি নেটদুনিয়া। চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হতে হয় প্রকাশ রাজকে। এবার দায়ের হল মামলাও।
