
বেঙ্গালুরু, ৩০ মে : কর্ণাটকের বেলাগাভিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট বিমান। মঙ্গলবার রেডবার্ড এভিয়েশনের অন্তর্গত একটি দুই আসনের প্রশিক্ষণ বিমান, বেলাগাভির সাম্বরা বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে অবতরণের অনুরোধ জানানো হয়েছিল। উভয় পাইলট সামান্য আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য বিমান বাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রেডবার্ড ফ্লাইট ট্রেনিং একাডেমীর অন্তর্গত দুই আসনের বিমানটি প্রযুক্তিগত সমস্যার কারণে মঙ্গলবার ভোররাতে সাম্বরা বিমানবন্দর থেকে ৭ কিলোমিটার দূরে হোনিহাল গ্রামে জরুরি অবতরণ করেছে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় মারিহাল থানা পুলিশ ও বিমানবন্দরের কর্মকর্তারা। বিধ্বস্ত হওয়া বিমানটি দেখতে কৃষক ও অন্যান্য লোকজন ভিড় করেন। দুই পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
