
শিলিগুড়ি, ২৫ জানুয়ারি : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 'একলা চলো'-র বার্তা দিলেও, কংগ্রেস মনে করে ২৮টি দল নিয়ে গঠিত আইএনডিআই জোটে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ স্তম্ভ। বৃহস্পতিবার শিলিগুড়ির বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইনচার্জ কমিনিকেশন) জয়রাম রমেশ বলেছেন, "আমি আগেই বলেছি, তৃণমূল কংগ্রেস আইএনডিআই জোটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা ২৮ টি দল নিয়ে গঠিত। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একজন অভিজ্ঞ এবং উদ্যমী নেত্রী, একজন বড় নেত্রী। আমরা তাঁকে সম্মান করি...সবাই জানেন আমাদের দেশের রাজনীতিতে তাঁর একটি বিশেষ স্থান ও পরিচয় রয়েছে। আমি খুবই আত্মবিশ্বাসী যে তিনিও বিজেপিকে হারাতে চান, আমরাও তাই চাই। আমরা একসঙ্গে লড়াই করব। আমরা আইএনডিআই জোটকে সফল করব। এটাই আমাদের কর্তব্য।"
মমতা বলেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা সম্পর্কে তাঁকে নাকি কিছু জানায়নি কংগ্রেস। কিন্তু, বৃহস্পতিবার জয়রাম রমেশ বলেছেন, "তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মল্লিকার্জুন খাড়গে তাঁকে একটি চিঠি লিখেছিলেন এবং তাঁকে একটি ইমেলও পাঠিয়েছিলেন...আমাদের নেতা - মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী - সবাই চাইছেন তৃণমূল কংগ্রেস থেকে নেতারা এসে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ করুক। বিশেষ করে স্বয়ং মুখ্যমন্ত্রী আসুন, সেটা ১০-১৫ মিনিটের জন্য হলেও হোক, তাঁর আসায় ভারত জোড়ো ন্যায় যাত্রা আরও বেশি প্রভাব ফেলবে।"
