
নয়াদিল্লি, ২১ জানুয়ারি: শৈত্যপ্রবাহের বিরাম নেই দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে। ঘন কুয়াশায় রবিবারও নিমজ্জিত থাকল দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। ফলে এদিনও চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হলেন বহু মানুষ। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে রবিবারও দিল্লিতে বিঘ্নিত হয়েছে রেল ও বিমান পরিষেবা। ট্রেন মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিগামী মোট ১১টি ট্রেন এদিন দেরিতে চলাচল করেছে।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪-দিন ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজ করবে দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে উত্তর ভারতে। কোথাও কোথাও অনেকটাই নামবে তাপমাত্রার পারদ। শীতের দাপট বেশি থাকবে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে। এছাড়াও ঠান্ডার কামড় থাকবে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গেও।
