
পরমারিবো, ৬ জুন: ভারত ও সুরিনামের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, যা দুই দেশের মধ্যে বৈচিত্র্যের জন্য সুপরিচিত। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির কথায়, আপনাদের দেশে এটি আমার প্রথম সফর, মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই রয়েছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে সোমবার সুরিনামে পৌঁছন। মঙ্গলবার সকালে সুরিনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু আরও বলেছেন, "আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আমার সরকার ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ডের জন্য যোগ্যতার মাপকাঠি চতুর্থ প্রজন্ম থেকে ষষ্ঠ প্রজন্মে বাড়ানোর অনুমোদন দিয়েছে। এটি তাঁদের সকলকে সাহায্য করবে যাদের পূর্বপুরুষরা প্রথম জাহাজ-লাল্লা রুখ-এ চড়ে সুরিনামে এসেছিলেন, ওসিআই কার্ড পেতে।"
সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোখি বলেছেন, "গৌরবময় ভারতীয় সংস্কৃতি যা আমরা এখানে সুরিনামে উদযাপন করি এবং উপভোগ করি। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যই হল আমাদের দু'টি প্রিয় দেশের মধ্যে অন্যতম সমন্বয়ের কারণ।" উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মান - "দ্য গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ ইয়েলো স্টার" পেয়েছেন। পারমারিবোতে সে দেশের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোখি তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্রপতি মুর্মু-ই প্রথম ভারতীয়, যিনি এই পুরস্কার পেলেন। শ্রীমতি মুর্মু বলেন, এই সম্মান শুধুমাত্র তাঁর জন্য নয়, গোটা ভারতের জন্য গর্বের বিষয়।
