
নয়াদিল্লি, ১২ জানুয়ারি : ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। দেশের রাজধানী দিল্লি-এনসিআরেও প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা রয়েছে। আগামী পাঁচ দিন স্বস্তির কোনও সম্ভাবনা নেই। এমনটাই মনে করছে ভারতের আবহাওয়া দফতরের।
দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে কুয়াশার পাশাপাশি প্রচণ্ড ঠাণ্ডা মানুষের সমস্যা বাড়িয়ে দিচ্ছে। শুক্রবার ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী ২৩টি ট্রেন দেরিতে চলছে। সকালে কুয়াশার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও বিমান পরিচালনায় বড় কোনও প্রভাব ফেলেনি।
ভারতের আবহাওয়া দফতরের মতে, শুক্রবার রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস কম রেকর্ড করা হয়েছে। বিভাগের মতে, ১৩ থেকে ১৫ জানুয়ারির মধ্যে পাঞ্জাবের কিছু অংশ এবং হরিয়ানা ও চণ্ডীগড়ের বিচ্ছিন্ন অঞ্চলে সকালে কয়েক ঘন্টার জন্য ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনের মধ্যে মধ্য ও পূর্ব ভারতের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
