
অমরাবতী, ২৯ অক্টোবর : তেলেগু দেশম পার্টি (টিডিপি) রবিবার আগামী মাসে নির্ধারিত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে।
টিডিপি সুপ্রিমো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারির অভিযোগে এখনও জেলে রয়েছেন। তাই তাঁর দল নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাজামুন্দ্রি কেন্দ্রীয় কারাগারে কাসানি জ্ঞানেশ্বর, নাইডুর সঙ্গে দেখা করেন। তখনই চন্দ্রবাবু নাইডু এই সিদ্ধান্ত টিডিপি তেলেঙ্গানা ইউনিটের সভাপতি কাসানি জ্ঞানেশ্বরকে জানান। টিডিপির জাতীয় সভাপতি, জ্ঞানেশ্বরকে আরও জানান, অন্ধ্রপ্রদেশের বর্তমান পরিস্থিতির জন্যই তেলেগু দেশম পার্টি তেলেঙ্গানা নির্বাচনে ফোকাস করতে পারছে না। গত ৯ সেপ্টেম্বর কোটি টাকার দক্ষতা উন্নয়ন কেলেঙ্কারিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সিআইডি গ্রেফতার করেছিল। এরপর থেকে নাইডু বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। তারপর সিআইডি আরও দুটি মামলায় তার জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে।
