
নয়াদিল্লি, ৮ জুন: বিদেশে গিয়ে বরাবরই ভারত সরকার সম্পর্কে 'বিতর্কিত' মন্তব্য করে থাকেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ প্রসঙ্গে রাহুলের সমালোচনা করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এস জয়শঙ্কর বলেছেন, "রাহুল গান্ধী যখনই দেশের বাইরে যান তখনই দেশের সমালোচনা করেন এবং আমাদের রাজনীতি নিয়ে মন্তব্য করার অভ্যাস রয়েছে তাঁর। বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে এবং তাঁরা কী দেখছে?"
এস জয়শঙ্কর আরও বলেছেন, "নির্বাচন হয়, কখনও একটি দল জয়ী হয় আবার কখনও অন্য দল জয়ী হয়। দেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে এমন পরিবর্তন আসে না। সব নির্বাচনের ফলাফল একই হওয়া উচিত। ২০২৪-এর রেজাল্ট তো ওহি হোগা, হামে পাতা হ্যায়...দেশের অভ্যন্তরে তিনি যা করেন তাতে আমার কোনও আপত্তি নেই, কিন্তু আমি মনে করি না জাতীয় রাজনীতিকে দেশের বাইরে নিয়ে যাওয়া উচিত।"
