
নয়াদিল্লি, ২৭ মার্চ : পঞ্জাবে আম আদমি পার্টি (এএপি)-তে ভাঙন ধরালেন সুশীল কুমার রিঙ্কু। বুধবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন পঞ্জাবের জলন্ধরের এএপি সাংসদ সুশীল কুমার রিঙ্কু। পাশাপাশি এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন এএপি বিধায়ক শীতল আঙ্গুরালও। দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দুই নেতাকে পদ্মশিবিরে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী।
হরদীপ এদিন বলেছেন, "বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমাদের পরিবারে যোগ দিচ্ছে...আমি সুশীল কুমার রিঙ্কু এবং শীতল আঙ্গুরালকে দলে স্বাগত জানাই...পঞ্জাবের পরিস্থিতি বদলে যাচ্ছে এবং আমরা সবাই মিলে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত করতে কাজ করব।"
