
শ্রীনগর, ১৫ মার্চ: দীর্ঘ প্রতীক্ষা শেষ, আগামী ২৩ মার্চ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে শ্রীনগরের জাবারওয়ান পর্বতে অবস্থিত এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। ২৩ মার্চ থেকেই টিউলিপ গার্ডেন উন্মুক্ত করে দেওয়া হবে দর্শনার্থীদর জন্য। ততদিনে প্রায় সমস্ত ফুলই ফুটে যাবে। অন্যান্য বছরের মতো এবারও বাগানে টিউলিপ ফুল ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পর্যটক-সহ বিপুল সংখ্যক মানুষের আগমণ হবে বলে আশা করা হচ্ছে।
শ্রীনগরে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হল টিউলিপ গার্ডেন। এই টিউলিপ গার্ডেনে এ বছর পাঁচটি নতুন প্রজাতির টিউলিপ ফুল ফুটেছে, এর ফলে বাগানে এখন মোট টিউলিপের প্রজাতির সংখ্যা ৭৩ হয়েছে। এই নতুন টিউলিপ ফুলগুলি দর্শনার্থীদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করবে। টিউলিপ গার্ডেনকে সমগ্র বিশ্বের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য সর্বোত প্রচেষ্টা চলছে।
