
নয়াদিল্লি, ১০ মার্চ : নিজ নিজ দফতরের দায়িত্ব নিলেন দিল্লির নবনিযুক্ত মন্ত্রী সৌরভ ভরদ্বাজ ও অতিশী। শুক্রবার দিল্লি সচিবালয়ে নিজ নিজ বিভাগের দায়িত্ব নেন সৌরভ ভরদ্বাজ ও অতিশী। এদিন থেকেই কাজও শুরু করে দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার বিকেলেই দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির বিধায়ক অতিশী ও সৌরভ ভরদ্বাজ। বৃহস্পতিবার বিকেলে রাজ নিবাসের অডিটোরিয়ামে দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা অতিশী ও সৌরভকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন।
দিল্লি আবগারি নীতি মামলায় ধৃত মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের পদত্যাগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করার পর অতিশী ও সৌরভ দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দু’জনের মন্ত্রিত্ব বন্টন করা হয়েছে। নবনিযুক্ত দিল্লির মন্ত্রী অতিশীকে শিক্ষা, পূর্ত দফতর, বিদ্যুৎ এবং পর্যটন পোর্টফোলিও বরাদ্দ করা হয়েছে; সৌরভ ভরদ্বাজ স্বাস্থ্য, জল ও শিল্প এবং নগর উন্নয়ন মন্ত্রী হয়েছেন।
