
চম্পাবত, ১০ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডের চম্পাওয়াতে শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের দরুণ জাতীয় সড়কের দুটি স্থান অবরুদ্ধ হয়ে পড়েছে। ওই দুটি রাস্তায় প্রচুর ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, তারফলে ওইদুটি রাস্তায় যান চালচল ব্যাহত হয়েছে। এই কারণে রাস্তায় দুধারে গাড়ির লম্বা লাইন হয়ে দাঁড়িয়ে ছিল বহুক্ষণ। কোনও গাড়িই যাতায়াত করতে পারছিল না। সমস্যায় পড়েছিলেন স্থানীয় মানুষজন। যদিও এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ সোয়ালা এবং আমোদির মধ্যেকার রাস্তায় ধ্বংসাবশেষ পড়ে জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয়। সারিবদ্ধ হয়ে বহু গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল। এনএইচ-র মেশিনগুলি সকাল থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজে লেগে পড়ায় পরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাড়ি-বাস ও মানুষজনের যাতায়াতের সমস্যা মেটে। রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ জ্যাম কাটিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করতে শুরু করে। রবিবার সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ে চলছে। সেজন্য ক্রমাগত ধ্বংসাবশেষ ও পাথর পড়ছে যা বিপদ ডেকে আনছে।
পিথোরাগড় রোডের মীনা বাজারের কাছে ধ্বংসাবশেষের কারণে জাতীয় সড়ক বন্ধ ছিল। টনকপুর এলাকার পূর্ণগিরির হনুমান চট্টির কাছে রবিবার সকালে ভারী ধ্বংসাবশেষ পড়ে। দর্শনার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দুর্যোগ কন্ট্রোল রুম জানিয়েছে, চম্পাওয়াতে সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
