
থুথুকুডি, ২৩ ডিসেম্বর : তামিলনাড়ুর থুথুকুডি জেলায় শনিবার এনডিআরএফ-এর ত্রাণকার্য অব্যাহত রয়েছে। তামিলনাড়ুর থুথুকুডি জেলায় প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে গিয়েছে উপকূলীয় এলাকা। শনিবার সিপকোট শিল্প এলাকায় বিধ্বস্ত মানুষদের উদ্ধার অভিযান শুরু করেছে এনডিআরএফ। পুলিশের সঙ্গে এনডিআরএফ দল যৌথভাবে এই উদ্ধার অভিযান শুরু করেছে। এই যৌথ দল বন্যায় ক্ষতিগ্রস্ত মহিলা ও শিশুদের নৌকা করে উদ্ধার করে তাদের খাবার সরবরাহ করছে।
তামিলনাড়ুর মুখ্য সচিব শিব দাস মীনা শনিবার জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এখন আন্তোনিয়ারপুরম এলাকায় ত্রাণকার্য পুরোদমে চলছে। এই এলাকাটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানা গিয়েছে। ১৭ ও ১৮ ডিসেম্বর প্রবল বৃষ্টিপাতের ফলে থুথুকুডি-পালয়ামগোট্টাই জাতীয় সড়কের আন্তোনিয়ারপুরমের কাছে একটি সেতু ভেঙে পড়েছিল। সেই থেকেই বন্যার সূত্রপাত হয়। থুথুকুডি-তিরুচেন্দুর সড়কের ইরাল এবং আত্তুরের সেতু বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়।
