
মুম্বই, ৩ জুলাই : মহারাষ্ট্রে রাজনৈতিক টালমাটালের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। সোমবার সকালে তিনি দাবি করেছেন, "আমি ক্যামেরার সামনে বলছি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বদলাতে চলেছে।" প্রসঙ্গত, রবিবাসরীয় দুপুরে আচমকাই কয়েকজন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে একনাথ শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে হাত মেলান এনসিপি প্রধান শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। আবার হলেন উপমুখ্যমন্ত্রী। যার জেরে এনসিপির ঘর ভেঙে গেল। মোট ৯ জন এনসিপি নেতা মহারাষ্ট্রের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
এই পরিস্থিতির মধ্যেই সোমবার সকালে উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা ও সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "আমি ক্যামেরার সামনে বলছি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বদলাতে চলেছে। একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হচ্ছে। একনাথ শিন্ডে এবং ১৬ জন বিধায়ককে বরখাস্ত করা হচ্ছে।" এ বিষয়ে অবশ্য একনাথ শিন্ডে শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
