
চিতোরগড়, ২ অক্টোবর: রাজস্থানের চিতোরগড়ে একটি অনুষ্ঠান থেকে ৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, "রাজস্থানে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে ও রেলের মতো আধুনিক পরিকাঠামোর উন্নয়নে মনোনিবেশ করেছে কেন্দ্র।" প্রধানমন্ত্রীর কথায়, রাজস্থানের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আজ চিতোরগড়ে ৭,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গ্যাসভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে দেশে গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে, এর ফলে শিল্প-কারখানা সম্প্রসারিত হবে এবং কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমরা আরও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করে পর্যটনকে উৎসাহিত করছি। নতুন প্রকল্প উদ্বোধনের ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে।" এই অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেছেন, "আমাদের অনুপ্রেরণার উৎস বাপু ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী আজ। ১ অক্টোবর রাজস্থান-সহ গোটা দেশ পরিচ্ছন্নতার জন্য একটি বড় অভিযানের আয়োজন করে। 'স্বচ্ছতা অভিযান'-কে জনগণের আন্দোলনে পরিণত করার জন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ।" প্রসঙ্গত, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিতোরগড়ের সানওয়ালিয়া শেঠ মন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন।
