
চন্ডীগড়, ২৩ ডিসেম্বর : পঞ্জাবে জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে কারণ সম্প্রতি দেশে ওমিক্রণের জেএন-১ ভ্যারিয়েন্টের অনেক সংক্রমণ ধরা পড়ছে। শনিবার স্বাস্থ্য দফতর এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে। পঞ্জাবে এখনও জেএন-১ এর কোনও ঘটনা প্রকাশ্যে আসেনি তবে অমৃতসর বিমানবন্দরে আগত যাত্রীদের পরীক্ষা করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশে বলা হয়েছে, জনবহুল জায়গায় মাস্ক পরতে হবে। হাসপাতালের চিকিৎসক, প্যারামেডিক্যাল এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
রোগী ও তাঁদের স্বজনদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরা সহ অন্যান্য সতর্কতা মেনে চলতে হবে। শ্বাসযন্ত্রের অসুস্থতায় ভুগলে ব্যক্তিকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো সহ হাত, চোখ, নাক ও মুখ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, জনসাধারণের ব্যবহার্য জায়গায় থুথু না ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে পরামর্শের জন্য মেডিকেল হেল্পলাইন ১০৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
