
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩৭০ ধারার অবলুপ্তি থেকে কোভিডের বিরুদ্ধে লড়াই। সর্বপরি অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা। তাই, আগামী লোকসভা ভোটের আগে সংসদ শেষের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল রামনাম। গোটা সংসদে উঠল রামের নাম ধ্বনি। আর সংসদের শেষ দিনেও বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী।
এদিন শেষ দিনে প্রধানমন্ত্রী জানান, রামমন্দির নিয়ে সংসদে আলোচনা দেশের আগামী প্রজন্মকে ভারতের ইতিহাস, সংস্কৃতি জানতে আরও সাহায্য করবে। এরসঙ্গে বিরোধীদের খোঁচা দিয়ে নরেন্দ্র মোদী দাবি করেন, কেউ এই ব্যাপারে আলোচনা করতে সাহস দেখান। আর কেউ ময়দান ছেড়ে পালিয়ে যান।
এই পাঁচ বছর ছিল সংস্কার, বাস্তবায়ন এবং পরিবর্তনের সরকার। সংসদের শেষ দিনে নিজের গত পাঁচ বছরের কাজকে এই ভাবেই ব্যাখা করলেন নরেন্দ্র মোদী। তাই তাঁর ভাষণে উঠে এল ৩৭০ ধারার অবলুপ্তি থেকে রূপান্তরকামীদের সামাজিক সম্মান প্রদানের ব্যবস্থা। এদিন সংসদের উভয় কক্ষেই রামমন্দির নিয়ে আলোচনা হয়। সেই আলোচনায় যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস।
