Country

3 years ago

Rahul Gandhi : কাশ্মীরের মন বোঝেন না মোদী, কংগ্রেসের বিশেষ অধিবেশনে দাবি রাহুলের

Modi and Rahul Gandhi
Modi and Rahul Gandhi

 

রায়পুর, ২৬ ফেব্রুয়ারি : ভারত জোড়ো যাত্রায় জম্মু-কাশ্মীরে তাঁর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল প্রশাসন। তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু কাশ্মীরে পৌঁছে কাশ্মীরের মানুষের আবেগ তিনি বুঝেছেন, মোদী সরকার বোঝেনি। রবিবার এমনই দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। এদিন রায়পুরে অনুষ্ঠিত দলের প্লেনারি সেশনের তৃতীয় দিনে রাহুল গান্ধী বক্তৃতায় বলেন, "কাশ্মীরে যখন ঢুকলাম উপত্যকায় বরফ ছিল, রোদ ছিল। হাজার হাজার লোক আমাদের সঙ্গে হাঁটছে। একজন আমার কাছে এসে বলল, রাহুলজি একটা প্রশ্ন, যখন কাশ্মীরের মানুষের কষ্ট হয়, বাকি হিন্দুস্তানের এত আনন্দ কেন হয়?" আমি বললাম, ভুল বুঝছেন ৷ প্রত্যেক ভারতীয় আপনাদের সঙ্গে আছেন ৷ কিছু বাছাই করা লোক আছে, যাঁরা খুশি হন। তাঁদের সংখ্যা হাজার হবে ৷ কিন্তু দেশের নাগরিক কোটি কোটি ৷"


কাশ্মীরে ঢুকে তিনি চারদিকে তেরঙা দেখেন ৷ তিনি বলেন, "পুলিশ বলেছিল ২ হাজার লোক আসবে ৷ আমার নিরাপত্তাকর্মীরাও তাই ভেবেছিলেন ৷ কিন্তু ৪০ হাজার লোক এল ৷ পুলিশ ৪০ হাজার লোক দেখে দড়ি ছেড়ে পালিয়ে গেল ৷" তাঁর কথায়, কাশ্মীর হিন্দুস্থানের সবচেয়ে জঙ্গি অধ্যুষিত এলাকা। কিন্তু চারদিকে শুধুই তেরঙা। কারা এই তেরঙা নিয়ে লাগিয়েছিলেন, বা হাতে নিয়েছিলেন, তাঁদের তিনি জানেন না। রাহুলের দাবি, এখানেই তাঁর কাছে হেরেছে প্রধানমন্ত্রী তথা মোদী সরকার।


আদানি গোষ্ঠীর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নতুন করে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, কেন গোটা সরকার গৌতম আদানিকে রক্ষা করছে, যিনি সবচেয়ে বড় দেশপ্রেমিক হিসাবে বিবেচিত হচ্ছেন, যখন কেউ তাঁর সমালোচনা করলে তাকে বিশ্বাসঘাতক বলা হয়। তাঁর মতে, কংগ্রেস তপস্বীদের দল, পূজারিদের নয় ৷ চার মাসের ছোট্ট তপস্যায় জনগণের মধ্যে, দেশে প্রাণ ফিরেছে ৷ এই তপস্যা বন্ধ হবে না।

You might also like!