
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, সংসদের গরিমা ক্ষুণ্ন করেছেন মোদী ও শাহ। সংসদ ভবনের নিরাপত্তা বিচ্যুতি ইস্যু ও ৯২ জন বিরোধী সাংসদকে বহিষ্কার করার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। 'মোদী, শাহ, মুর্দাবাদ' স্লোগান দিতে থাকেন বিরোধীরা।
উপস্থিত ছিলেন এনসিপি-র শরদ পওয়ার, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। খাড়গে এদিন বলেছেন, "এমনটা হওয়া গণতন্ত্রের পক্ষে কাম্য নয়।" তাঁর কথায়, "সংসদের গরিমাকে ক্ষুণ্ন করেছেন মোদী-শাহ। গম্ভীর নিরাপত্তার ত্রুটি থাকা সত্ত্বেও তিনি সংসদে এসে কোনও বক্তব্য দেন না। আমি খুবই দুঃখিত যে ইতিহাসে প্রথমবারের মতো এতজন সাংসদকে বরখাস্ত করা হয়েছে। এটি গণতন্ত্রকে লঙ্ঘন করার মতো এবং সংসদের মর্যাদার জন্য গভীর অপমান।" কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, "কী হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন।"
