দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপি বিরোধী INDIA গঠন করে এগিয়ে চলেছে বিজেপি বিরোধী প্রচার। এই মুহূর্তে মুম্বইয়ে আরব সাগরের তীরে চলেছে তাদের তৃতীয় বৈঠক। আর সেখানেই নায়ক হয়ে উঠলেন লালুপ্রসাদ ও সীতারাম ইয়েচুরি। কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হটানোই একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যেই বিরোধ-দূরত্ব ভুলে একজোট হয়েছে বিরোধী দলগুলি। শুক্রবার আরব সাগরের তীরে বসেছিল ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। সেই বৈঠকে হাজির সকল নেতার মুখেই শোনা গেল একতার বার্তা। সাংবাদিক বৈঠকে সকলেই বললেন, বিজেপিকে হারাতে তারা কীভাবে লড়াই করবেন। এরই মধ্যে নজর কাড়লেন লালু প্রসাদ যাদব ও সীতারাম ইয়েচুরীর কথাবার্তা। সকলেই মুগ্ধ হলেন এই দুই নেতার পরিহাস রসিকতায়।
স্বাভাবিক রীতি অনুযায়ী এই বৈঠকের শেষে শুরু হয় সাংবাদিক বৈঠক। আর তখনই জমে ওঠে সমস্ত বিষয়টা। একে একে বিভিন্ন বিরোধী দলের নেতারা বক্তব্য রাখতে ওঠেন। ডাকা হয় বিহারের প্রবীণ নেতা লালু প্রসাদ যাদবকে। তিনি শুরুতেই প্রধানমন্ত্রী মোদীর ১৫ লক্ষ টাকা প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য শেষ হতেই মঞ্চে বক্তব্য রাখার জন্য ডাকা হয় সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরীকে। ইয়েচুরি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শুরু করেন তাঁর সমাজ পরিবর্তনের বার্তা। আর ঠিক সেই সময় সেই সময়ই মঞ্চ থেকে নেমে রওনা দেন লালু প্রসাদ যাদব। তাঁকে পিছু ডাকেন সীতারাম ইয়েচুরী। এই পর্যন্ত সব ঠিক ছিল। এর পরেই যুক্ত হলো অসাধারণ উইট। সীতারাম ইয়েচুরীর ডাক শুনে সিঁড়ি দিয়ে নামতে নামতেই ঘুরে তাকান লালু প্রসাদ যাদব। তিনি সীতারাম ইয়েচুরীর উদ্দেশ্যে বলেন, “লাল সেলাম”। সেই কথা শুনে হেসে ফেলেন ইয়েচুরী। তিনিও পাল্টা জবাবে বলেন, “জয় হিন্দ”। সকলেই হেসে ওঠেন এই দুই নেতার কথোপকথনে। সাংবাদিকরাও পেলেন নতুন সংবাদ।