
লখনউ, ৯ ফেব্রুয়ারি : কাঁশিরামকেও ভারতরত্ন দেওয়া উচিত, শুক্রবার এই দাবি করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। কাঁশিরামকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। শুক্রবার এক্স মাধ্যমে পোস্টে মায়াবতী লিখেছেন, বর্তমান বিজেপি সরকার যাঁদের ভারতরত্ন দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে তা স্বাগতযোগ্য। তবে এই ক্ষেত্রে, বিশেষ করে দলিত ব্যক্তিদের অবজ্ঞা করা এবং উপেক্ষা করা মোটেও ঠিক নয়। সরকারকে এদিকেও নজর দিতে হবে। তিনি জানান, বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে দীর্ঘ অপেক্ষার পর ভিপি সিং সরকার ভারতরত্ন দিয়ে সম্মানিত করেছিলেন। দলিত ও অবহেলিতদের মসিহা কাঁশিরাম তাদের স্বার্থে যে সংগ্রাম করেছেন তাও কম নয়। তাঁকেও ভারতরত্ন দিয়েও সম্মানিত করা উচিত বলে এদিন উল্লেখ করেন।
