
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে জয়জয়কার বামেদের । রবিবার প্রাথমিক ট্রেন্ডের ফলাফলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিললেও, রাতে ব্যালট বক্সে দেখা গেল লাল ঝড় । বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্যানেলের চার পদেই জয়ী বাম ছাত্র সংগঠনের জোট প্রার্থীরা । তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ ও । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাঙল লাল আবিরে ।
কে কত ভোট পেলেন ?
প্রেসিডেন্ট পদে ৯২২ ভোটে জেতেন বাম প্রার্থী ধনঞ্জয় । তাঁর প্রাপ্ত ভোট ২,৫৯৮ । অন্যদিকে, একই পদে এবিভিপি-র উমেশচন্দ্র আজমেরা পেয়েছন ১৬৭৬ ভোট । সহ সভাপতি পদে ৯২৭ ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থী অভিজিৎ ঘোষ। বাম প্রার্থী পেয়েছেন ২,৪০৯ ভোট ও এবিভিপির প্রার্থী দীপিকা শর্মার ঝুলিতে ১,৪৮২ ভোট।
সাধারণ সম্পাদক পদে বাম প্রার্থী প্রিয়ংশী আর্য পেয়েছেন ২,৮৮৭ ভোট । এবিভিপি প্রার্থী অর্জুন আনন্দকে তিনি ৯২৬ ভোটে হারিয়েছেন । অর্জুনের প্রাপ্ত ভোট ১৯৬১ । অন্যদিকে, যুগ্ম সম্পাদক পদে বাম প্রার্থী মহম্মদ সাজিদ জিতেছেন ৫০৮ ভোটে । এই পদে তাঁর প্রাপ্ত ভোট ২৫৭৪ । এবিভিপি প্রার্থী গোবিন্দ ডাঙ্গির ঝুলিতে আসে ২০৬৬ ভোট ।
৪ বছর পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন আয়োজিত হয়। গত শুক্রবার, ২২ মার্চ ছিল নির্বাচন । রবিবার, ২৪ মার্চ গণনা হয় । ফলাফল প্রকাশ্যে আসতেই সেলিব্রেশন শুরু হয় জেএনইউ ক্যাম্পাসে । হোলির আগেই লাল আবিরে রেঙে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ।
