Country

2 years ago

Moon Landing of Rover Pragyan: ল্যান্ডার বিক্রমের তোলা ভিডিয়ো প্রকাশ করল ইসরো

Landing of rover Pragyan on the lunar surface (Collected)
Landing of rover Pragyan on the lunar surface (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ল্যান্ডার বিক্রমের পেট থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে নামল রোভার প্রজ্ঞান। আর সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি এবং ভিডিয়ো তুলল ল্যান্ডার বিক্রম।বিক্রমের তোলা সেই ছবি ইসরোর কাছে পৌঁছতেই তারা এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো শেয়ার করেছে।ভিডিয়োটি শেয়ার করে ইসরো এক্স হ্যান্ডলে লিখেছে, “চন্দ্রপৃষ্ঠে রোভার প্রজ্ঞানের অবতরণ। ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে চাঁদের মাটি ছুঁল সে। সেই ভিডিয়ো তুলল ল্যান্ডার বিক্রম।”

গত ২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। আর সেই সফল অবতরণের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে এক অনন্য নজির গড়েছে ভারত।

চন্দ্রযান-৩ অবতরণ করার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল গোটা ভারত, এমনকি গোটা বিশ্ব। চাঁদের মাটি ছোঁয়ার পর পরই ছবি তুলেছিল ল্যান্ডার বিক্রম। সেই ছবি নাসা প্রকাশও করেছিল। কিন্তু বিক্রমের পেট থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসছে এমন ছবি বা দৃশ্য নিয়ে দেশবাসীর মধ্যে চরম কৌতূহল তৈরি হচ্ছিল গত দু’দিন ধরেই। সেই কৌতূহলের নিরসন করল বিক্রম। 

বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সেটিকে নামানোর কাজ শুরু হয়। অবতরণ প্রক্রিয়ায় মোট ১৯ মিনিট সময় লেগেছে। ধাপে ধাপে ল্যান্ডারের গতি কমিয়ে সেটিকে চাঁদের দিকে নামানো হয়। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে ফেলে বিক্রম। এর পর বেশ কয়েক ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর বিক্রমের দরজা খুলে যায়। পেট থেকে বেরিয়ে আসে রোভার। বৃহস্পতিবার সকালে প্রজ্ঞানের অবতরণের কথা জানায় ইসরো। চাঁদে যে সময় বিক্রম পা রেখেছিল, তখন সেখানে সবে ভোরের আলো ফুটেছে। পৃথিবীর সময় অনুযায়ী আগামী ১৪ দিন সেখানে দিনের আলো থাকবে। এই সময়ের মধ্যে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে রোভার তথ্য সংগ্রহ করবে। বিক্রম সেই তথ্য পাঠাবে পৃথিবীতে।

চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে চন্দ্রযান-৩। এই অংশ এত দিন অনাবিষ্কৃত ছিল। ভারতই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করাল। সেই সঙ্গে চাঁদে ‘সফ্‌ট ল্যান্ডিং’ করানোর ক্ষেত্রে সফল দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে জুড়ে গিয়েছে ভারতের নাম।

You might also like!