
গুয়াহাটি: যাত্রীদের যাতে সুবিধা হয়, তার জন্য ভারতীয় রেলওয়ে স্টেশনের নামের সাথে জনপ্রিয় এলাকাকে যুক্ত করতে অভিনব পদ্ধতি গ্রহণ করেছে। এই নতুন পদ্ধতির ফলে যাত্রার আরও ভালো পরিকল্পনা পাওয়া যাবে এবং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট বুকিঙের সময় যাত্রীরা ব্যক্তিগতকৃত অভিজ্ঞতাও লাভ করবেন। এছাড়া এই পদ্ধতির ফলে সহজে স্টেশন অনুসন্ধান করতে পর্যটকদের সুবিধা হবে। পাশাপাশি যাত্রীদের জন্য উন্নত সংযোগ ব্যবস্থাও উপলব্ধ হবে।
এক প্রেস বিবৃতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, এই পদক্ষেপের মধ্যে রেলওয়ে স্টেশনগুলিকে স্যাটেলাইট সিটির সাথে যুক্ত করা হবে যেমন, নয়ডা থেকে নিউদিল্লি। কিছু সময় দেখা যায় স্থানীয় / জনপ্রিয় নামগুলি রেলওয়ে স্টেশন থেকে পৃথক। যার ফলে যাত্রার পরিকল্পনার সময় যাত্রীদের বিভ্রান্ত হতে হয়। তাই এই সংযুক্তিকরণের ফলে বিভ্রান্তিও দূর হবে।
এই উদ্দেশ্য পূরণের জন্য প্রযুক্তির প্রয়োগে পরিবর্তন ঘটানো হয়েছে এবং ১৭৫টি জনপ্রিয় শহর / এলাকাকে ৭২৫টি স্টেশনের সাথে যুক্ত করা হয়েছে। এই পরিবর্তনগুলিকে ই-টিকিট বুকিং ওয়েবসাইটের ভ্রমণ পরিকল্পনাকারী স্টেশন অনুসন্ধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কার্যকারিতা যাত্রা পরিকল্পনাকারী ও টিকিটের ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপে দেখা যাবে।
প্রেস বিবৃতিতে তিনি আরও জানান, পরিচালনামূলক কারণের জন্য স্টেশনের পরিবর্তনের ক্ষেত্রে এই কার্যকারিতা সহজ যোগাযোগ প্রদান করবে যেমন, যদি পরিচালনামূলক / রক্ষণাবেক্ষণের কার্যকলাপের জন্য একটি নির্ধারিত স্টেশন পরিবর্তন করা হয়, তা-হলে অনুসন্ধানের সময় যাত্রা পরিকল্পনাকারী বিকল্পমূলক স্টেশন দেখাবে। এছাড়া ম্যানেজেমন্ট ইনফর্মেশন সিস্টেম (এমআইএস) উৎপন্ন হলে নতুন ট্রেন ও স্টেশনের সুবিধাগুলির আরও উন্নত পরিকল্পনাকে সক্ষম করে তুলবে।
