
নয়াদিল্লি,৭ জুন : আসানসোল বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন অনুব্রত মণ্ডল । তিহাড় সংশোধনাগার থেকে বুধবার ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়েছিলেন কেষ্ট। এদিনও শরীর খারাপের কথা বলে জামিনের আর্জি জানান কেষ্ট। বিচারক আদালত জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট জামিন দিলেই দুপক্ষের আলোচনার ভিত্তিতে ভেবে দেখবেন। তবে তিনি জামিনের আবেদন জানালেও তাঁর আইনজীবী সেই আবেদন জানাননি এদিন।
অনুব্রত এদিন বিচারক রাজেশ চক্রবর্তী’র উদ্দেশে বলেন, শরীর ভালো নেই। তাঁর আবেদন, ‘জামিনটা দিয়ে দিন স্যার’। কারণ হিসেবে বলেন, সুগার ২৫০। মাথায় ব্যথা। হাতে-পায়ে যন্ত্রণা। বলেন, ‘ব্যালেন্স পাচ্ছি না’। এদিন তিহাড় সংশোধনাগার থেকে ভার্চুয়াল শুনানি হয় সায়গল হোসেনেরও। কেষ্ট’র একসময়ের দেহরক্ষীর আইনজীবীও আজ তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন জানাননি।
বিচারক এদিন অনুব্রতকে জিজ্ঞাসা করেছিলেন শারীরিক অবস্থা নিয়ে। প্রশ্ন করেছিলেন, অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি না তা নিয়ে। তখনই বিভিন্ন শারীরিক সমস্যার কথা বলেন কেষ্ট। বিচারক অর্ডারে লেখেন, ভালো চিকিৎসা যেন হয়।
এদিন আসানসোল বিশেষ সিবিআই আদালতে অনুব্রতের সঙ্গে কথা বলার পরেই তাঁর এককালের দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গেও কথা বলেন বিচারক। সায়গল বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন। তাঁর হেপাজত থেকে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা গয়না ফেরতের আবেদন নিয়ে শুনানি হয়েছে বুধবার। সিবিআই সাইগলের কিছু গয়না ফেরত দিতে রাজি হয়েছে। বাজেয়াপ্ত করা মোট ৩৬ লক্ষ ৬৭ হাজার ৭০৯ টাকার গয়নার মধ্যে মাত্র দুটি সোনার ও একটি রুপার গয়না দেওয়া যেতে পারে বলে আদালতে জানিয়েছে সিবিআই।
