
নয়াদিল্লি, ২০ জুলাই : হিংসাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও এবং যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে এ বার কড়া প্রতিক্রিয়া জানাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অবিলম্বে এ নিয়ে কেন্দ্র এবং মণিপুর সরকারের রিপোর্ট তলব করেছে। সেই সঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের হুঁশিয়ারি, ‘‘বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে সরকার কোনও পদক্ষেপ না করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে বাধ্য হবে।’’ শুক্রবার আবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, আমরা সত্যই উদ্বিগ্ন। সরকারকে ব্যবস্থা নিতে হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "এটা মেনে নেওয়া যায় না, সাম্প্রদায়িক বিবাদের ক্ষেত্রে মহিলাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। এটি সাংবিধানিক অপব্যবহারের সবচেয়ে মারাত্মক প্রমাণ।" তিনি আরও বলেছেন, যে ভিডিওগুলি প্রকাশিত হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সরকার ব্যবস্থা না নিলে আমরাই করব। এদিকে, মণিপুরের ঘটনায় এদিন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও বিজেপি সাংসদ রঞ্জন গগৈ বলেছেন, "মন্তব্য করার কিছু নেই। এটা খুবই দুঃখজনক...অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক।"
