
চন্ডিগড়, ৮ অক্টোবর : হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, নয় বছরের শাসনামলে বৈষম্য ছাড়াই হরিয়ানায় সর্বাত্মক উন্নয়ন হয়েছে। রবিবার কর্নালে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর একথা বলেন। এই নয় বছরের সময়কালে রাজ্যের মানুষ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি অনেক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের ফলে সরাসরি উপকৃত হয়েছে।রবিবার কর্নালে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর একথা বলেন।
মুখ্যমন্ত্রী লাল জানান, রাজ্যের মানুষের সুবিধার্থে পারিবারিক পরিচয়পত্রের মাধ্যমে প্রায় ১২.৫ লক্ষ মানুষের বিপিএল রেশন কার্ড অনলাইনে তৈরি করা হয়েছে। রাজ্যের প্রায় ৩৭ লক্ষ পরিবার আয়ুষ্মান কার্ডের সুবিধা পাচ্ছেন। আমাদের সরকার বিপিএলের পরিধি বার্ষিক ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা করেছে যাতে আরও বেশি সংখ্যক মানুষ প্রকল্পগুলির সুবিধা পেতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে হরিয়ানা সরকার অনলাইন পরিষেবা প্রদানের জন্য ১০০ টিরও বেশি পোর্টাল শুরু করেছে। এরফলে জনসাধারণের কাছে সরাসরি সরকারি প্রকল্পের নীতি এবং সুবিধাগুলি হস্তান্তর করা সম্ভবপর হয়েছে। এই কাজের জন্য হরিয়ানা সরকার সারা দেশে প্রশংসিত হচ্ছে। আমাদের সরকার আঞ্চলিকতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের ২ কোটি ৮০ লক্ষ মানুষের জন্য সমান মনোভাব নিয়ে কাজ করছে বলেও মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর মন্তব্য করেন। রাজ্য সরকার কর্মদক্ষতা এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বেকার যুবকদের সরকারি চাকরি দেওয়ার কাজ করেছে, যেখানে বিরোধী পক্ষ সরকারের চাকরি বিক্রি করে দিয়েছিল।
